Saturday, June 11, 2011

কয়েক ফোঁটা বৃষ্টি

কেমন হত যদি ওই বৃষ্টির ফোঁটাগুলো আমি হতাম?
তুমি একটা করে ফোঁটা নিজের গায়ে মিশিয়ে নিয়ে,
অনুভব করতে আমায়।
তোমার ভেজা শরীরে আমি নিমগ্ন হয়ে থাকতাম।
প্রাণরসটুকু শুষব বলে।

তুমি বাড়ি ফিরে স্নান করতে না তো?
আমায় ধুয়ে ফেলবে বলে!
যতটুকু গভীরতা তোমার শরীরে মানায়,
তার চেয়ে বেশী হয়ে য়াওয়া আমি
উপচে পড়ে
বয়ে যেতাম
সেই রাস্তা দিয়ে,
যেখানে আরও কত বৃষ্টির ফোঁটা জড়ো হয়ে আছে।

কেমন হত যদি ওই বৃষ্টির ফোঁটাগুলো আমি হতাম?
তোমার বৃষ্টিস্নাত শরীর থেকে আলাদা করতে পারতে না আমায়।
চারদিকের কয়েকটা আধভেজা শরীরের থেকে বেশী ভিজে থাকা তুমি,
নিজেকে আয়নায় দেখতে।
লোকচক্ষুর অন্তরালে।

আমার থেকে আমার শরীরের ছায়াটা আরও প্রলম্বিত হত
জোনাকি পোকার মিটমিটে আলোয়।
আমার শহরে আজ আর বৃষ্টি হয়না।
কি-ই বা হবে বৃষ্টি হয়ে?
ফণিমনসার তো জল লাগে না।

1 comment: